ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পৃথক বজ্রপাতে নিহত ২

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৭:৫২ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার সৈয়দপুর ও কোষারাণীগঞ্জ ইউনিয়নে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন : পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের রশিদুল ইসলামের স্ত্রী সেলিনা আক্তার (৩৫) এবং কোষারাণীগঞ্জ ইউনিয়নের কোষাডাঙ্গীপাড়া গ্রামের আকবর আলীর ছেলে ইলিয়াস আলী (৩৭)।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে সেলিনা আক্তার ফসলি মাঠে কৃষিকাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বজ্রপাতসহ বৃষ্টিপাত শুরু হলে তিনি বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলে মারা যান।

অন্যদিকে, বিকেলে কোষারাণীগঞ্জ ইউনিয়নের কোষাডাঙ্গীপাড়া গ্রামের ইলিয়াস আলী নিজের জমির ফসল দেখতে মাঠে যান। এ সময় তিনি আকস্মিক বজ্রাঘাতের শিকার হন। পরে স্থানীয় লোকজন তাকে ফসলি জমিতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়।

পীরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে পৃথক স্থানে দুজনের মৃত্যুর সংবাদ পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।