ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ময়লার গর্তে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৬:৫৩ পিএম
ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বাড়ির পাশের ময়লা ফেলার গর্তের পানিতে ডুবে মুস্তাকিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার শাহবাজপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুস্তাকিন ওই গ্রামের মো. মজিবর রহমানের ছেলে।

বালিয়াডাঙ্গী থানার ওসি মো. বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ১০ মিনিটের মধ্যে বাড়ির আঙিনায় খেলতে খেলতে পরিবারের অগোচরে বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে থাকা একটি ময়লা ফেলার গর্তে পড়ে যায় মুস্তাকিন। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে শিশুটির মা কলি বেগম বাড়ির পাশের ময়লা ফেলার গর্তে তাকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখে চিৎকার করলে স্বজনরা দ্রুত উদ্ধার করেন। পরে তাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

ওসি মো. বুলবুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করেছে। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে জানা গেছে।