ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শীতের আমেজে উত্তরা লেডিস ক্লাবে জমজমাট পৌষ পিঠা উৎসব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ০৮:২৩ পিএম
পৌষ পার্বণের পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। ছবি- রূপালী বাংলাদেশ

পৌষের হিমেল হাওয়া, কুয়াশা ঘেরা বিকেল আর গ্রামবাংলার চেনা স্বাদ, সব মিলিয়ে রাজধানীর ব্যস্ত নগরজীবনে যেন এক টুকরো উৎসবের গ্রাম। বাঙালির চিরায়ত ঐতিহ্য ও হারিয়ে যেতে বসা পিঠা সংস্কৃতিকে নতুন করে তুলে ধরতে রাজধানীর উত্তরা লেডিস ক্লাবে আয়োজন করা হয় পৌষ পার্বণের পিঠা উৎসব-২০২৫। 

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত চলা এই উৎসব ছিল আনন্দ, ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য মিলনমেলা।

‘পিঠা দেশী, আড্ডা বেশী’ শ্লোগানে আয়োজিত এই উৎসবের আয়োজক ছিল ওমেন কালিনারি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। শীতের এই উৎসবকে ঘিরে ক্লাব প্রাঙ্গণ সাজানো হয় গ্রামবাংলার ঐতিহ্যবাহী আবহে। ঢাকায় বসেই যেন দর্শনার্থীরা অনুভব করেন গ্রামের উঠোনে বসে পিঠা খাওয়ার চিরচেনা আনন্দ।

উৎসবে দেশের বিভিন্ন জেলা থেকে আগত অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকার ঐতিহ্যবাহী ও বাহারি স্বাদের পিঠা তৈরি করে প্রদর্শন করেন। চিতই, ভাপা, পাটিসাপটা, পুলি, দুধ চিতই, নকশি, তেলপিঠা, নুনিয়া পিঠা, পোড়া মিন্নি, ডিমপিঠা, কালাই রুটি, আত্তিকে পিঠা, ছৈঁ ফাক্কন, পাহারি সাইন্নে ফিডে, ঝাল পিঠা, বিবিখানা পিঠাসহ নানা রকম দেশীয় পিঠায় ভরে ওঠে পুরো উৎসব প্রাঙ্গণ। প্রতিটি স্টলে ছিল ভিন্ন জেলার স্বতন্ত্র স্বাদ ও ঐতিহ্যের ছোঁয়া। পিঠার স্বাদ ও ঘ্রাণে মুখর হয়ে ওঠে উত্তরা লেডিস ক্লাব, আর দর্শনার্থীদের প্রাণবন্ত আড্ডায় জমে ওঠে উৎসবের আবহ।

অনুষ্ঠানের সাংস্কৃতিক সন্ধ্যার স্পন্সর হিসেবে ছিল ভাইয়া গ্রুপ। পিঠা উৎসবের পাশাপাশি আয়োজিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, যা অনুষ্ঠানের আকর্ষণ আরও বাড়িয়ে তোলে। গান, নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনায় দর্শনার্থীরা উপভোগ করেন এক ভিন্নধর্মী সন্ধ্যা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওমেন কালিনারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট নাজমা হুদা ও ভাইস প্রেসিডেন্ট কল্পনা রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইয়া গ্রুপের উপদেষ্টা সিরাজুল হক ও সেলিব্রিটি ও কুকিং এক্সপার্ট শারমিন লাকী। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাইয়া গ্রুপের এজিএম জয়নব খান জলি, ভাইয়া গ্রুপের ফয়েজ আল মাসুদ টুটুল, সিনিয়র এক্সিকিউটিভ রিফাত রহমান খান, এসআইসিএ-এর প্রেসিডেন্ট সাজেদা মিনহাজ, ওমেন কালিনারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উপদেষ্টা শাহিন আফরোজ, ওমেন কালিনারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ট্রেজারার শিতারা ফেরদৌসসহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন সেলিনা সাজ্জাদ হোসেন।

বক্তারা বলেন, পিঠা শুধু একটি খাবার নয়, এটি বাঙালির সংস্কৃতি, আবেগ ও শীতের সঙ্গে মিশে থাকা একটি ঐতিহ্য। এ ধরনের পিঠা উৎসব নতুন প্রজন্মের কাছে হারিয়ে যেতে বসা লোকজ সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি নারীদের সৃজনশীলতা বিকাশ এবং উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি করছে। 

তারা আরও বলেন, এ ধরনের আয়োজন নারীদের নিজস্ব রান্না ও খাদ্যসংস্কৃতিকে পেশাগত পর্যায়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায়।

দিনব্যাপী নানা আয়োজন, ঐতিহ্যবাহী পিঠার প্রদর্শনী এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে পৌষ পার্বণের পিঠা উৎসব ২০২৫ শেষ হয় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে। শীতের এই উৎসব অংশগ্রহণকারী ও দর্শনার্থীদের মনে রেখে যায় বাঙালির ঐতিহ্য, স্বাদ ও সংস্কৃতির এক উষ্ণ স্মৃতি।