ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাজধানীর জেনেভা ক্যাম্পে পুলিশের অভিযান

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১০:০১ পিএম
ছবি- সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর এলাকার জেনেভা ক্যাম্পে আবারও বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্যাম্প এলাকায় সাঁড়াশি অভিযান চালায়। রাত সোয়া ৮টা পর্যন্ত সেখানে তল্লাশি ও অভিযানের কার্যক্রম চলছিল বলে জানা গেছে।

এর আগের দিন বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতেও মোহাম্মদপুর ও আদাবর এলাকায় ব্যাপক অভিযান পরিচালনা করে পুলিশ। রাত ১০টা থেকে ভোর ২টা পর্যন্ত টানা অভিযানে শতাধিক চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করা হয়। অভিযানটি পরিচালনা করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজানের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানের বিষয়ে তিনি জানান, এলাকায় চাঁদাবাজি ও ছিনতাইয়ের মতো অপরাধ দমনে মোহাম্মদপুর ও আদাবর থানার সমন্বয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিভিন্ন স্তরের অপরাধে জড়িত শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।