রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন ১৬ জন। এদের মধ্যে পাঁচ শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সোমবার (২ মার্চ) রাত ১টার দিকে লতিফ ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। পরে আহতদের রাত পৌনে ২টার দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
আহত শিক্ষার্থীরা হলেন ইমরান হোসেন (২১), ইলেকট্রিক্যাল বিভাগের শিক্ষার্থী, মারুফ মিয়া (২০), ফুড টেকনোলজি বিভাগে তৃতীয় বর্ষের শিক্ষার্থী, নুরুল হক (২২), মেকাট্রনিকস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, আতিকুর রহমান (২২), ইলেকট্রিক্যাল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও মো. আরিফুল ইসলাম (২২), কেমিক্যাল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
আহত ইমরান হোসেন বলেন, রাত পৌনে ১টার দিকে লতিফ ছাত্রাবাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রায় ১৬ জন আহত হন। পরে পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
তিনি আরও বলেন, রাত আড়াইটার দিকে ডাকসু ভিপি সাদিক কায়েম হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাঁচজনকে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে নিয়ে এলে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন