রাজধানীর মিরপুরে ট্রাফিক পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় একটি স্পোর্টস কার থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ সাজ্জাদ হোসেন আশিক (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে দারুসসালাম ট্রাফিক জোনের গাবতলী বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ট্রাফিক সার্জেন্ট অনিরুদ্ধ রায় একটি হলুদ রঙের নতুন স্পোর্টস কারকে থামার সংকেত দিলে চালক কাগজপত্র দেখাতে অস্বীকৃতি জানান। সন্দেহভাজন হিসেবে তল্লাশির জন্য নামতে বলা হলে চালক দ্রুতগতিতে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন। সার্জেন্ট অনিরুদ্ধ তাৎক্ষণিক ধাওয়া করে গাবতলী সেলফি কাউন্টারের সামনে গাড়িটি আটক করেন।
পরে ট্রাফিক মিরপুর বিভাগের সদস্যরা স্থানীয়দের উপস্থিতিতে গাড়ির আরোহী সাজ্জাদকে আটক করেন এবং তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেন।
আটককৃত যুবক মিরপুর-১ এর তুরাগ সিটির বাসিন্দা। তাকে অস্ত্রসহ দারুসসালাম থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ছানোয়ার হোসেন সার্জেন্ট অনিরুদ্ধ রায়ের সাহসিকতা ও পেশাদারিত্বের প্রশংসা করেছেন।
ট্রাফিক মিরপুর বিভাগ জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত তারা সড়কে শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বেশ কয়েকজন চোর, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন