রাজধানীর উত্তরায় তরমুজের দাম কম বলায় ৩ জন ক্রেতাকে পিটিয়ে আহত করেছে ফল ব্যবসায়ীরা। রোববার (৮ মার্চ) বিকেল সোয়া ৫টায় রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের ২০ নম্বর রোডে আবাসিক বাড়ির নিচতলায় অবৈধভাবে গড়ে ওঠা মার্কেটে ক্রেতাদের ওপর এই হামলার ঘটনা ঘটে।
মায়ের দোয়া ফ্রুট হাউজ এবং বিসমিল্লাহ লাইভ বেকারির স্টাফরা চাকু, রড ও এসএস পাইপ নিয়ে ক্রেতাদের ওপর বেপরোয়া হামলা চালায়। এতে ৩ জন ক্রেতা গুরুতর আহত হন। আহতরা হলেন চান মিয়া, শিপন মিয়া ও মনির হোসেন। তাদের মধ্যে চান মিয়াকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় উত্তরা পশ্চিম থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে। হামলায় জড়িত অন্য অভিযুক্তদের আটক করতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।
আহত শিপন মিয়া জানান, মায়ের দোয়া ফ্রুট হাউজ থেকে তরমুজ কিনতে আসার পর দরদাম করার সময় তরমুজ ব্যবসায়ীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। তখন ফল ব্যবসায়ীরা তার সঙ্গে থাকা বন্ধু চান মিয়াকে চাকু দিয়ে মাথায় আঘাত করে। তিনি প্রতিবাদ করলে তাকেও এসএস পাইপ দিয়ে অতর্কিত হামলা চালিয়ে আহত করা হয়। ফল ব্যবসায়ীর স্বজনদের মালিকানাধীন পাশে অবস্থিত বিসমিল্লাহ লাইভ বেকারির স্টাফরা এসে তারাও অতর্কিত হামলা চালায়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুইটি দোকানের ৬ জন স্টাফকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পাল্টা হামলা রোধে আশেপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন