রাজধানীর মোহাম্মদপুরের আরশিনগর লাবনী লেক সিটির পাশে একটি নির্মাণাধীন ভবনের সাততলায় ঢালাইয়ের মালামাল উপরে ওঠানোর সময় রশি ছিঁড়ে বালতি নিচে পড়ে মো. রনি (২৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে সকাল ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আব্দুর রহমান জানান, সকাল ৯টার দিকে মোহাম্মদপুরে আরশিনগর লাবনী লেক সিটির পাশে একটি নির্মাণাধীন ভবনের সাততলায় নিচ থেকে ঢালাইয়ের মালামাল উপরে ওঠানোর সময় মাল বহনকারী বালতির রশি ছিঁড়ে নিচে থাকা রনির মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহত রনির গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার লক্ষ্মীপুর গ্রামে। তিনি মো. সাহেব আলীর ছেলে। বর্তমানে তিনি মোহাম্মদপুর এলাকায় বসবাস করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

