ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মোহাম্মদপুরে ফুটপাত ও সড়ক থেকে হকার উচ্ছেদ অভিযান

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৮:২৩ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

রাজধানীর মোহাম্মদপুরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে বেড়িবাঁধ তিন রাস্তা পর্যন্ত সড়ক দখল মুক্ত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এ ছাড়া শিয়া মসজিদ এলাকায় একই ধরনের অভিযান চালানো হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি-পেট্রোল) তারিক লতিফের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। এতে স্বস্তি প্রকাশ করেছেন সড়ক ব্যবহারকারী চালক ও পথচারীরা।

অভিযানের বিষয়ে তারিক লতিফ বলেন, মোহাম্মদপুরের অত্যন্ত গুরুত্বপূর্ণ বসিলা সড়ক। এই সড়কের বাম লেনের বেশিরভাগ অংশ দখল করে ফুটপাতে দোকান বসানো হয়েছে। ফলে সাধারণ মানুষ ও যান চলাচল ব্যহত হচ্ছিলো। সড়কের বেশিরভাগ অংশ দখল থাকায় এই সড়কে যানজট লেগেই থাকতো। বিশেষে করে রমজানে ইফতারে আগে ঘরে ফেরা মানুষ যানজটের কারণে সময় মতো বাসায় পৌঁছাতে পারতো না। তাই আমরা সড়ক দখল মুক্ত করেছি। ফলে এখন থেকে কেউ আর সড়ক দখল করে দোকান বসাতে পারবে না।

তিনি আরও বলেন, আজকে আমরা বসিলা সড়কের বাম লেনের আল্লাহ করিম মসজিদ থেকে তিন রাস্তা পর্যন্ত উচ্ছেদ অভিযান চালিয়েছি। যেহেতু যারা দোকান বসান সবাই খেটে খাওয়া মানুষ। তাই তাদের কথা চিন্তা করে শুধুমাত্র সড়কের ফুটপাত লাগোয়া একটি লেন নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর বাইরে কেউ দোকান বাসাতে পারবেন না।

নিয়মিত উচ্ছেদ অভিযান চলবে কি না জানতে চাইলে তিনি বলেন, এখন থেকে নিয়মিত উচ্ছেদ অভিযান চলবে। মোহাম্মদপুর থানার পরিদর্শক (পেট্রোল) সাগর নিয়মিত অভিযান চালাবেন। আজকের অভিযানে বসিলা সড়ক ও শিয়া মসজিদ থেকে নবদয় হাউজিং পর্যন্ত দোকান উচ্ছেদ করা হয়েছে। আমাদের এই অভিযান নিয়মিত চলাচল করবে।

ফুটপাত থেকে চাঁদাবাজির বিষয়ে তিনি বলেন, ফুটপাত থেকে চাঁদাবাজি কিংবা টাকা আদায়ের সুযোগ নেই। এমন কাজের সঙ্গে কেউ জড়িত থাকলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো। চাঁদাবাজদের বিষয়ে কেউ আমাকে চাইলে সরকারি নাম্বারে তথ্য দিতে পারবেন। তথ্য দাতার নাম পরিচয় গোপন রাখা হবে। ধারাবাহিক অভিযানে মোহাম্মদপুরের প্রতিটি সড়কে অবৈধ হকার ও দখল মুক্ত করা হবে।