রাজধানীর গুলশান এলাকায় একটি বাসায় বিশেষ কায়দায় তৈরি গোপন সুড়ঙ্গ থেকে বহুরূপী প্রতারক মির্জা আবুল বাশার মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণাসহ একাধিক অভিযোগ রয়েছে।
শুক্রবার রাত ১২টার পর গুলশান-২ এলাকার ২৮ নম্বর রোডে তার বাসাটি ঘিরে ফেলে পুলিশ। পরে শনিবার ৯২০ জুন) সকালে অভিযান চালিয়ে বাসার বাথরুমের পেছনে বিশেষভাবে নির্মিত গোপন সুড়ঙ্গ থেকে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির গুলশান অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান।
তিনি বলেন, ‘আবুল বাশারের বিরুদ্ধে একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে। পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের ভিত্তিতে কয়েকদিন ধরে তাকে নজরদারিতে রাখা হয়েছিল।’
তিনি আরও জানান, সর্বশেষ তার অবস্থান নিশ্চিত হওয়ার পর শুক্রবার রাতে বাসাটি ঘিরে ফেলে পুলিশ। শনিবার সকালে তল্লাশি চালিয়ে গোপন সুড়ঙ্গ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসি শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, ‘গুলশানসহ রাজধানীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক প্রতারণার মামলা রয়েছে। গুলশান থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শনিবারই তাকে আদালতে পাঠানো হবে।’
এর আগে গত বছরের অক্টোবরেও তাকে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। তবে জামিনে মুক্তি পাওয়ার পর তিনি পুনরায় একই ধরনের অপরাধে জড়িয়ে পড়েন বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার হওয়া আবুল বাশার ঢাকাই চলচ্চিত্রের এক চিত্রনায়িকার স্বামী বলে জানা গেছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন