বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর প্রশাসনে শুরু হওয়া রদবদলের ছোঁয়া লেগেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এও।
কর আদায়কারী সংস্থাটির কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ আবদুর রকিবকে। তিনি এতদিন এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কর কমিশনার ছিলেন। আবদুর রকিবের স্থলে ওই পদে ঢাকার কর অঞ্চল-১৯-এর কমিশনার লুৎফুন্নাহার বেগমকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া কর অঞ্চল-১৯-এর কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটের কর কমিশনার মোসাম্মাৎ সাহেনা আক্তারকে। মঙ্গলবার (২৪ ফেব্রয়ারি) এক প্রজ্ঞাপনে এসব রদবদলের তথ্য জানানো হয়।
অন্তর্বর্তীকালীন সরকার ২০২৪ সালের আগস্টে ক্ষমতা নেওয়ার পর কর প্রশাসনে রদবদল আনে। ওই বছরের সেপ্টেম্বরে সিআইসি থেকে শুরু করে একযোগে দেশের ৪০ জন কর কমিশনারকে বদলি করা হয়, যা সংস্থাটির ইতিহাসে বিরল ঘটনা।
এই রদবদলের অংশ হিসেবে তখনকার সিআইসির মহাপরিচালক খাইরুল ইসলামকে বৃহৎ করদাতা ইউনিটে বদলি করা হয়। তার স্থলে দায়িত্ব দেওয়া হয় তৎকালীন ঢাকার কর অঞ্চল-১৫-এর কমিশনার আহসান হাবিবকে।
আহসান হাবিব ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগমুহূর্তে পদোন্নতি পেয়ে এনবিআরের সদস্য হিসেবে দায়িত্ব নেন। ফলে সিআইসির নেতৃত্ব কার্যত কয়েক দিন ধরে শূন্য ছিল।
বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর প্রশাসনে ব্যাপক রদবদল চলছে। আগের দিন সোমবার চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ৯ জন সচিব চাকরি হারান; একই দিন আরও তিনজনকে বদলি করা হয়।
একই দিনে দেশের ছয়টি সিটি করপোরেশনের প্রশাসক পদে বিএনপির নেতাদের নিয়োগ দেওয়া হয়। মাঠপর্যায়ে শতাধিক নির্বাচন কর্মকর্তার দায়িত্বেও রদবদল আনে নির্বাচন কমিশন।
এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদ থেকে মোহাম্মদ তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়। তার স্থলাভিষিক্ত হন মো. আমিনুল ইসলাম।
পরের দিন পুলিশ বাহিনীর নেতৃত্বেও পরিবর্তন আনা হয়। আইজিপি পদে নিয়োগ দেওয়া হয় আলী হোসেন ফকিরকে, যিনি এতদিন এপিবিএন প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন