বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সধারী প্রতিষ্ঠানসমূহকে সকল সেবা অনলাইনে প্রদানের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড ১ জানুয়ারি, ২০২৫ হতে Customs Bond Management System (CBMS) নামক স্বয়ংক্রিয় সফটওয়্যার চালু করেছে।
এই সফটওয়্যারের মাধ্যমে বন্ড সুবিধাভোগী প্রতিষ্ঠানগুলো শুল্কমুক্তভাবে আমদানিকৃত কাঁচামাল ব্যবহারের জন্য শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের (ডেডো) অনুমোদিত সহগ অনুযায়ী সংশ্লিষ্ট কাস্টমস বন্ড কমিশনারেট থেকে অনলাইনে Utilization Permission (UP) গ্রহণ করছে।
আমদানি ও রপ্তানি সংশ্লিষ্ট দলিলাদি অনলাইনে যাচাই করতে বাংলাদেশ ব্যাংকের অনলাইন সিস্টেমের সাথে CBMS সফটওয়্যারের Application Programming Interface (API) সম্পাদন করা হয়েছে বলে মঙ্গলবার (২৪ মার্চ) বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় এনবিআর।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনলাইনে UP গ্রহণের ফলে বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সধারী শিল্প প্রতিষ্ঠানসমূহকে আর সরাসরি কাস্টমস বন্ড কমিশনারেটে উপস্থিত হওয়ার প্রয়োজন হচ্ছে না।
CBMS-এর মাধ্যমে UP ইস্যু সংক্রান্ত সকল সেবা অনলাইনে প্রদানের ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড ইতোমধ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। বিগত ১ জানুয়ারি, ২০২৬ তারিখ থেকে UP ইস্যু সংক্রান্ত সকল সেবা গ্রহণ ও প্রদানের ক্ষেত্রে CBMS সফটওয়্যারের ব্যবহার বাধ্যতামূলক করার পর জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন ৩ (তিন) টি কাস্টমস বন্ড কমিশনারেটের মাধ্যমে অনলাইনে সকল UP জারি করা হচ্ছে।
ইতোমধ্যে ২০২৬ সালের ১ জানুয়ারি হতে ১৬ মার্চ পর্যন্ত ৩ (তিন) টি কাস্টমস বন্ড কমিশনারেট হতে মোট ২৪,৯৬৩টি UP অনলাইনে জারি করা হয়েছে।
CBMS সিস্টেমে অনলাইনে UP ইস্যু সংক্রান্ত সেবা অধিকতর সহজ এবং নির্বিঘ্ন করতে জাতীয় রাজস্ব বোর্ড সকল অংশীজন তথা বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সধারী প্রতিষ্ঠানসমূহ, বাংলাদেশ ব্যাংক, শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তর (ডেডো) এবং বিজিএমইএ/বিকেএমইএ-এর e-UD সিস্টেমের সাথে নিরলসভাবে কাজ করছে।
জাতীয় রাজস্ব বোর্ড বিশ্বাস করে যে, CBMS সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে UP সংক্রান্ত সেবা প্রদানের ফলে বন্ডেড ওয়্যারহাউস সুবিধাভোগী শিল্প প্রতিষ্ঠানসমূহের উল্লেখযোগ্য পরিমাণ সময় এবং ব্যয় সাশ্রয় হচ্ছে। এতে দেশের রপ্তানি বাণিজ্য সামগ্রিকভাবে আরও গতিশীল হচ্ছে ও অনুকূল বিনিয়োগ পরিবেশ সৃষ্টি হচ্ছে।
কাস্টমস প্রশাসনকে আধুনিক, স্বচ্ছ ও দক্ষ করার অংশ হিসেবে পর্যায়ক্রমে বন্ড অডিটসহ বন্ডেড ওয়্যারহাউস ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সকল সেবা সম্পূর্ণরূপে অটোমেশনের আওতায় এনে ট্রেড ফেসিলিটেশন কার্যক্রম জোরদার করার বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড প্রতিশ্রুতিবদ্ধ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন