বেসরকারি শিক্ষক হওয়ার অপেক্ষায় থাকা নিবন্ধনধারী প্রার্থীদের জন্য সুখবর। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সপ্তম গণবিজ্ঞপ্তির আওতায় ৬৭ হাজারের বেশি শূন্যপদের হালনাগাদ তালিকা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে অনলাইনে আবেদন করার নিয়ম ও সময়সূচি।
শনিবার (১০ জানুয়ারি) এনটিআরসিএর সংশ্লিষ্ট ওয়েবসাইটে শূন্যপদের সর্বশেষ তথ্য আপলোড করা হয়। প্রার্থীরা নিজ নিজ জেলার শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক শূন্যপদের তালিকা ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন।
এনটিআরসিএ জানিয়েছে, এই বিজ্ঞপ্তির আওতায় অনলাইনে আবেদন গ্রহণ চলবে আগামী ১৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত। তবে যেসব প্রার্থী অ্যাপ্লিকেশন আইডি পেলেও নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফি জমা দিতে পারবেন না, তারা অতিরিক্ত সময় হিসেবে আগামী ১৮ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত এসএমএসের মাধ্যমে ফি জমা দেওয়ার সুযোগ পাবেন।
আবেদনকারীদের অবশ্যই সংশ্লিষ্ট বিষয় ও পদের জন্য নিবন্ধন সনদধারী হতে হবে। পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। কাম্য শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত তথ্য এনটিআরসিএর ওয়েবসাইটে ‘৭ম নিয়োগ বিজ্ঞপ্তি (বিশেষ)’ শীর্ষক সেবা বক্সে পাওয়া যাবে। প্রার্থীদের আবেদন করার আগে শূন্যপদের তালিকা ও যোগ্যতা সংক্রান্ত তথ্য ভালোভাবে যাচাই করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
শূন্যপদের তালিকা দেখার নিয়ম
শূন্যপদের বিস্তারিত তালিকা দেখতে NTRCA-এর টেলিটক পোর্টালে গিয়ে 'Vacancy List' অপশনে ক্লিক করতে হবে। সেখানে আপনার পদ, বিষয়, জেলা ও উপজেলা নির্বাচন করে প্রতিষ্ঠানের নাম ও শূন্যপদের সংখ্যা দেখতে পারবেন। তালিকা দেখতে এখানে ক্লিক করুন
আবেদন করার প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন (e-Application) করতে হবে। আবেদনের ধাপগুলো হলো:
১. রেজিস্ট্রেশন: প্রথমে NGI Teletalk ওয়েবসাইট-এ গিয়ে আপনার রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে লগ-ইন করতে হবে।
২. পছন্দক্রম নির্বাচন: আপনি আপনার বিষয় অনুযায়ী যোগ্য প্রতিষ্ঠানগুলো থেকে সর্বোচ্চ ৪০টি শিক্ষা প্রতিষ্ঠান পছন্দক্রমে রাখতে পারবেন। তবে চাইলে 'Any Option' সিলেক্ট করতে পারেন।
৩. আবেদন ফি জমা: প্রতিটি আবেদনের জন্য নির্ধারিত ফি (সাধারণত ১০০০ টাকা) টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে এসএমএস করে জমা দিতে হবে।
৪. আবেদন ফরম ডাউনলোড: ফি জমা দেওয়ার পর প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে আবেদনের কপি ডাউনলোড করে সংরক্ষণ করুন।
আবেদনের গুরুত্বপূর্ণ তথ্য
১. e-Application ফরম পূরণ ও ফি জমা প্রদানের তারিখ: ১০ জানুয়ারি ২০২৬ হতে ১৭ জানুয়ারি ২০২৬ দিবাগত রাত ১২টা পর্যন্ত।
২. আবেদনকারীর বয়স ও শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ: ৪ জুন ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর এবং শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ হতে ৩ (তিন) বছর (শিক্ষা মন্ত্রণালয়ের গত ০১ জানুয়ারি ২০২৬ তারিখের স্মারক)।
৩. ইনডেক্সধারী কর্মরত শিক্ষকদের আবেদন সংক্রান্ত নির্দেশনা: কর্মরত ইনডেক্সধারী শিক্ষকগণ সমপদে আবেদনের যোগ্য হবেন না।
৪. শূন্য পদ এবং নিয়োগের অন্যান্য শর্তাবলী: পদভিত্তিক শূন্যপদের তালিকা, আবেদন ফরম এবং নিয়োগের অন্যান্য তথ্য ও শর্তাবলী এনটিআরসিএ’র ওয়েবসাইট www.ntrca.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড’র ওয়েবসাইট http://ngi.teletalk.com.bd পাওয়া যাবে।
সতর্কতা
আবেদন করার আগে অবশ্যই আপনার শিক্ষক নিবন্ধন সনদের তথ্য ও বয়স (৩৫ বছরের কম) যাচাই করে নেবেন। সর্বশেষ আপডেট ও বিস্তারিত নির্দেশনার জন্য NTRCA-এর মূল ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন।




সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন