জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মাস্টার্স (থিসিস), এমফিল ও পিএইচডি পর্যায়ের ৬৪২ জন শিক্ষার্থী ও গবেষকের মধ্যে মোট ৯৫ লাখ ৬৬ হাজার ৪০ টাকার গবেষণা অনুদান প্রদান করা হয়েছে। সোমবার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই অনুদানের চেক হস্তান্তর করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মাস্টার্স (থিসিস) ২০২৩–২৪ শিক্ষাবর্ষের ৪৯৮ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৯ হাজার ৯৮০ টাকা করে মোট ৪৯ লাখ ৭০ হাজার ৪০ টাকা, এমফিল ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ৪৯ জনকে জনপ্রতি ২৪ হাজার টাকা করে ১১ লাখ ৭৬ হাজার টাকা এবং বিভিন্ন শিক্ষাবর্ষের মোট ৯৫ জন পিএইচডি গবেষককে জনপ্রতি ৩৬ হাজার টাকা করে ৩৪ লাখ ২০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।
মোট ৬৪২ জন গবেষকের জন্য বরাদ্দকৃত ৯৫ লাখ ৬৬ হাজার ৪০ টাকা ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (ইএফটিএন) এর মাধ্যমে তাদের নিজ নিজ ব্যাংক হিসাবে প্রদান করা হবে।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, গবেষণার মানোন্নয়নে সবাইকে আরও মনোযোগী হতে হবে। গবেষণার গুণগত মান নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানদণ্ডে এগিয়ে নিতে হলে গবেষণার কোনো বিকল্প নেই। শিক্ষা ও গবেষণায় আরও বেশি মনোনিবেশ করতে হবে। গবেষণা অনুদানপ্রাপ্তদের সফলতা কামনা করে তিনি বলেন, সবাই মিলে আন্তরিকতা, নিষ্ঠা ও জবাবদিহিতার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে হবে।
উপাচার্য আরও বলেন, গত শিক্ষাবর্ষের তুলনায় এবার গবেষণায় প্রায় দ্বিগুণ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে ডিনস অ্যাওয়ার্ড, ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড, গবেষণা পুরস্কার, মেধা ও আবাসন বৃত্তি প্রদান, নতুন শিক্ষাবর্ষের প্রথম দিন ক্লাস ও পরিচয়পত্র বিতরণ এবং শিক্ষকদের জন্য আউটকাম-বেইজড এডুকেশন (ওবিই) বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়া একাডেমিক ডকুমেন্টের অনলাইন আবেদন মডিউল চালু হয়েছে এবং শিগগিরই ‘কুইক রেসপন্স অ্যাপ’ উদ্বোধন করা হবে।
অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, গবেষণা পরিচালক, আইকিউএসি ও পিআরআইপির পরিচালকসহ শিক্ষক ও গবেষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন