বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসি) সপ্তম বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। জানা গেছে, আগামী ২৬ জানুয়ারির মধ্যেই সপ্তম বিশেষ বিজ্ঞপ্তির সুপারিশ প্রকাশ করা হতে পারে।
গতকাল সোমবার (১২ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, ২৫ থেকে ২৬ জানুয়ারির মধ্যেই সুপারিশ প্রকাশের লক্ষ্যে কাজ চলছে। দ্রুততম সময়ের মধ্যেই প্রক্রিয়া সম্পন্ন করে ফল প্রকাশ করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা আরও জানান, ইনডেক্সধারীদের সপ্তম বিশেষ গণবিজ্ঞপ্তিতে কোনো সুযোগ দেওয়া হবে না। ইনডেক্সধারীরা আবেদন করলেও তারা সুপারিশের আওতায় আসবেন না। কেউ এ নিয়ম অমান্য করে আবেদন করলে পরবর্তীতে তার রোল নম্বর ব্লক করা হবে বলেও জানান তারা।
জানা গেছে, সপ্তম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ১৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত। তবে যেসব প্রার্থী অ্যাপ্লিকেশন আইডি পাওয়া সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে ফি জমা দিতে পারবেন না, তারা ১৮ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত এসএমএসের মাধ্যমে ফি জমা দেওয়ার সুযোগ পাবেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন