নতুন পে স্কেলে সরকারি কর্মচারীদের জন্য মোট ২০টি গ্রেডে বেতন স্কেল সুপারিশ করেছে বেতন কমিশন। এতে সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকার প্রস্তাব রাখা হয়েছে।
তবে নতুন স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত কমিয়ে ১:৮ করা হয়েছে, যা আগের ১:৯.৪-এর তুলনায় কম। এতে সর্বনিম্ন বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন স্কেল ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৬০ হাজার টাকার প্রস্তাব করা হয়েছে।
কমিশনপ্রধান জাকির আহমেদ খান জানান, এই প্রস্তাব বাস্তবায়নের জন্য ১ লাখ ৬ হাজার কোটি টাকার প্রয়োজন। বর্তমানে ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর জন্য সরকারের ব্যয় হচ্ছে ১ লাখ ৩১ হাজার কোটি টাকা।
তিনি আরও জানান, গত এক দশকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বহুগুণ বৃদ্ধি পাওয়ায় জীবনযাত্রার ব্যয় বেড়েছে। এই প্রেক্ষাপটে বিভিন্ন অংশীজনের সঙ্গে অনলাইন ও অফলাইনে ১৮৪টি সভা এবং ২,৫৫২ জনের মতামত গ্রহণ করে এই বাস্তবসম্মত সুপারিশ প্রণয়ন করা হয়েছে।
প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধি
প্রাথমিক শিক্ষকরা তাদের বর্তমান গ্রেড অনুযায়ী নতুন স্কেলে বড় অঙ্কের বেতন বৃদ্ধির সুবিধা পাবেন। যেমন ১৩তম গ্রেডে মূল বেতন ১১,০০০ টাকা থেকে বেড়ে ২৪,০০০ টাকা হতে পারে।
১১তম থেকে ২০তম গ্রেডের সুবিধা
এই গ্রেডের কর্মচারীদের বেতনের বৃদ্ধির হার তুলনামূলক বেশি এবং টিফিন ভাতা সহ অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে।
সশস্ত্র বাহিনী ও বিচার বিভাগের কমিশন
বেসামরিক সরকারি কর্মচারীদের প্রতিবেদন জমা দেওয়ার পর সশস্ত্র বাহিনী ও বিচার বিভাগের জন্য আলাদা বেতন কমিশন গঠন করার প্রক্রিয়া শুরু হবে।
সচিবদের বেতন স্কেল
মন্ত্রিপরিষদ সচিব ও জ্যেষ্ঠ সচিবদের জন্য ২০টি ধাপের বাইরে একটি বিশেষ ধাপ তৈরির প্রস্তাব রাখা হয়েছে।
তথ্য অনুযায়ী, ২৭ জুলাই ২০২৫ তারিখে ২৩ সদস্যের এই কমিশন গঠন করা হয়। ২০১৩ সালে অষ্টম বেতন কমিশন গঠনের দীর্ঘ ১২ বছর পর এই কমিশন গঠিত হলো। কমিশন নির্ধারিত বাজেটের মাত্র ১৮ শতাংশ ব্যয় করে সময়ের আগেই প্রতিবেদন দাখিল করেছে।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, এখন পরবর্তী ধাপ হলো প্রস্তাব বাস্তবায়ন। এ লক্ষ্যে একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হবে, যারা প্রস্তাব কার্যকর করার পদ্ধতি নির্ধারণ করবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন