চলতি সপ্তাহে ৭ম বিশেষ গণবিজ্ঞপ্তির সুপারিশ করা হতে পারে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৭,২০৮টি শূন্য পদে নিয়োগের জন্য এ সুপারিশ আগামী বুধবার (২৮ জানুয়ারি) দেওয়ার পরিকল্পনা রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সভার পর এ সময় চূড়ান্ত করা হবে।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) জানিয়েছে, আগামী মঙ্গলবার সপ্তম গণবিজ্ঞপ্তি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সভা হবে। সভায় অনুমোদন মিললে পরের দিন বুধবার নিয়োগের সুপারিশ করা হবে।
এ বিষয়ে এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বলেন, ‘সবকিছু ঠিক থাকলে আগামী বুধবার সুপারিশ করা হবে। আমরা সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েছি।’
৭ম বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শুরু হয় ১০ জানুয়ারি থেকে এবং চলেছে ১৭ জানুয়ারি পর্যন্ত। আবেদনের ফি জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১৮ জানুয়ারি।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৬৭,২০৮টি পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্কুল ও কলেজে ২৯,৫৭১টি, মাদ্রাসায় ৩৬,৮০৪টি এবং কারিগরি প্রতিষ্ঠানে ৮৩৩টি পদ শূন্য রয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন