সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর-এর নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে শাহীনা ফেরদৌসীকে নিয়োগ দিয়েছে।
বুধবার (২২ এপ্রিল) অতিরিক্ত সচিব শাহীনা ফেরদৌসীকে প্রেষণে এ পদে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এ জন্য তার চাকরি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
শাহীনা ফেরদৌসী এর আগে বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে বদলির আদেশাধীন ছিলেন।
অন্যদিকে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসা অতিরিক্ত সচিব আবু নূর মো. শামসুজ্জামানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
নতুন মহাপরিচালক শাহীনা ফেরদৌসী চলতি বছরের ২৭ জানুয়ারি অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পান।
তিনি এর আগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে যুগ্ম সচিব ও উপসচিব হিসেবে এবং হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন