এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ নিয়ে শিক্ষার্থীদের অপেক্ষা শেষের পথে। আগামী সোমবার (২০ জুলাই) ফল প্রকাশ হতে পারে বলে আলোচনা চলছে।
তবে, এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বলছে, ২০ জুলাইকে লক্ষ্য রেখেই ফল প্রস্তুতের কাজ চলছে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কর্মকর্তারা বলছেন, ফল প্রস্তুতের কাজ প্রায় শেষ পর্যায়ে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ২০ জুলাইকে লক্ষ্য ধরে সব কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। তবে সরকারের অনুমোদনের পরই আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের তারিখ জানানো হবে।
জানা গেছে, এসএসসি ও সমমান পরীক্ষার ফল সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে প্রকাশ করা হয়। এ বছর এসএসসি পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। আর দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।
এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে এসএসসিতে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা বোর্ডে দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন ও কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রস্তুতের কাজ চলছে। সরকারের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশের লক্ষ্যে আমরা কাজ করছি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন