পবিত্র রমজান উপলক্ষে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে দেশের সরকারি-বেসরকারি কলেজ ও মাদ্রাসায় শুরু হয়েছে টানা ৩৯ দিনের ছুটি। ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৮ মার্চ পর্যন্ত এসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে, বিশেষ করে স্কুলের ছুটি কবে থেকে কার্যকর হবে তা জানতে।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের সরকারি-বেসরকারি কলেজের বর্ষপঞ্জি অনুযায়ী, ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে টানা ২৬ দিন কলেজ বন্ধ থাকবে। ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসে এক দিনের সরকারি ছুটি রয়েছে। পরবর্তী দুই দিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় ২৯ মার্চ রোববার থেকে পুনরায় কলেজে ক্লাস শুরু হবে।
অন্যদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুল, ভোকেশনাল স্কুল-কলেজ, ডিপ্লোমা ইনস্টিটিউট, বিএমটি কলেজ ও ভোকেশনাল কলেজগুলোর ছুটি শুরু হবে ৮ মার্চ থেকে। এসব প্রতিষ্ঠানে ক্লাস পুনরায় শুরু হবে ২৯ মার্চ।
এ ছাড়া বর্ষপঞ্জি অনুযায়ী, ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে ৫ জুন পর্যন্ত ১০ দিন ছুটি থাকবে। দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিনের ছুটি নির্ধারিত রয়েছে। শীতকালীন অবকাশ হিসেবে ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১১ দিন কলেজ বন্ধ থাকবে।
প্রতিবছরের মতো এবারও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের জন্য তিন দিন সংরক্ষিত ছুটি রাখা হয়েছে। প্রয়োজন অনুযায়ী প্রতিষ্ঠানপ্রধান এসব ছুটি ঘোষণা করতে পারবেন।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নির্ধারিত ছুটি শেষে যথাসময়ে ক্লাস ও একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন