প্রাইমারি স্কুল টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্ট ম্যানেজমেন্ট সিস্টেম (TWTMS) সফটওয়্যারের মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্টের বার্ষিক চাঁদা দেওয়ার নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দিষ্ট ১৬ জেলার শিক্ষকদের চলতি বছরের ১৫ এপ্রিলের মধ্যে চাঁদা প্রদান নিশ্চিত করতে হবে।
বুধবার (২৫ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানা যায়। চিঠিটি বগুড়া, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, সাতক্ষীরা, কিশোরগঞ্জ, নরসিংদী, ঢাকা, ফরিদপুর, চাঁদপুর, নোয়াখালী, কক্সবাজার, পটুয়াখালী, সিলেট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও নেত্রকোনার জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের পাঠানো হয়েছে।
চিঠিতে জানা যায়, এই ১৬ জেলায় কর্মরত সব শিক্ষকের বার্ষিক চাঁদা Primary School Teacher's Welfare Trust Management System (TWTMS) সফটওয়্যারের মাধ্যমে বিনা ব্যর্থতায় চাঁদা দেওয়া নিশ্চিত করতে হবে। এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের নির্দেশ করা হয়েছে।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, আমরা একসঙ্গে ৬৪ জেলার কার্যক্রম করছি না। যেহেতু সফটওয়্যারের ব্যাপার, একটা অতিরিক্ত চাপ পড়ার সম্ভাবনা আছে। পরীক্ষামূলকভাবে আমরা ১৬ জেলা করে দিচ্ছি। এর আগে যে ১৬ জেলা দেওয়া হয়েছিল, তাদের রিমাইন্ডার দেওয়া হয়েছে। এবার নতুন ১৬ জেলায় দেওয়া হয়েছে। ১৬ জেলার সব উপজেলায় এ নির্দেশনা দেওয়া হয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, ২০২৩ বা তৎপরবর্তী কোনো বছরে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্টের বার্ষিক চাঁদা ২০০ টাকা হারে কোনো উপজেলা ম্যানুয়ালি দিয়ে থাকলে ১৫ মার্চের চিঠি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন