ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

আবেদন করলেই যে শিক্ষকরা পাবেন ২ লাখ টাকা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০৬:৪৯ পিএম
ছবি : সংগৃহীত

দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ চিহ্নিত করে কার্যকর সমাধান খুঁজতে গবেষণা প্রস্তাব আহ্বান করেছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। আগ্রহী ব্যক্তিরা আগামী ১৫ আগস্টের মধ্যে আবেদনপত্র জমা দিতে পারবেন।

নির্বাচিত প্রতিটি গবেষণার জন্য সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত বরাদ্দ দেওয়া হবে। প্রাথমিক শিক্ষার প্রাসঙ্গিকতায় পাঁচটি নির্দিষ্ট বিষয়ের ওপর গবেষণা প্রস্তাব জমা দেওয়া যাবে।

সম্প্রতি জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গবেষণার বিষয়গুলোর মধ্যে রয়েছে—শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি মৌলিক সাক্ষরতার উন্নয়ন, গণিতের চ্যালেঞ্জিং বিষয়বস্তু উপস্থাপনের কৌশল, পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি) প্রশিক্ষণের কার্যকারিতা, প্রাক্-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষাক্রমের সামঞ্জস্য এবং প্রাথমিক শিক্ষা প্রশাসনের কার্যক্রম সহজীকরণ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলতি বছর বিশেষভাবে পরীক্ষামূলক গবেষণাকে অগ্রাধিকার দেওয়া হবে। গবেষণা পরিচালনার জন্য একজন টিম লিডারের নেতৃত্বে এক বা একাধিক সহযোগী গবেষক নিয়ে গবেষণা দল গঠন করতে হবে।

পিটিআই, ইউপিইটিসি, শিক্ষা প্রশাসনের কর্মকর্তা, পরীক্ষণ বিদ্যালয় এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এই গবেষণা দলে গবেষক হিসেবে অংশ নিতে পারবেন।