আলোচিত অভিনেত্রী পরীমনির সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) এবং বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরীমনিকাণ্ডে আলোচনা শুরু হলে প্রথমে সাকলায়েনকে ডিবি থেকে সরিয়ে মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) বিভাগে সংযুক্ত করা হয়। পরে সেখান থেকে তাকে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়। সর্বশেষ তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেয় সরকার।
গত ১৩ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা-২ শাখার উপসচিব পারভীন জুঁই স্বাক্ষরিত এক স্মারকে তাকে ‘বাধ্যতামূলক অবসর প্রদান’-এর বিষয়ে সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিবকে অনুরোধ জানানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ সংক্রান্ত প্রজ্ঞাপনের সারসংক্ষেপে ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর সম্পন্ন হয়েছে। এখন সেটি প্রধানমন্ত্রীর কার্যালয় হয়ে রাষ্ট্রপতির দপ্তরে পাঠানো হবে। রাষ্ট্রপতির অনুমোদনের পর আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।
ফাঁস হওয়া ভিডিওতে যা দেখা যায়
প্রকাশিত এক মিনিট ৩৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, নীল ও কালো বেলুন দিয়ে সাজানো একটি কক্ষে পরীমনি ও সাকলায়েন হাস্যোজ্জ্বল ও ঘনিষ্ঠ মুহূর্তে সময় কাটাচ্ছেন।
ভিডিওতে দেখা যায়, পরীমনি সাকলায়েনের হাত ধরে কেক কাটছেন এবং তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। এক পর্যায়ে তারা একে অপরকে কেক খাইয়ে দেন।
শেষের দিকে পরীমনিকে নাচতেও দেখা যায়, যা উপভোগ করতে দেখা যায় সাকলায়েনকে।
ভিডিওটি প্রকাশের পরই গোলাম সাকলায়েনকে ডিবির দায়িত্ব থেকে সরিয়ে ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগে বদলি করা হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন