জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে ঘিরে মঙ্গলবার (১৬ জুন) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে একটি আলোচিত খবর। সেখানে দাবি করা হয়, স্ত্রী ও অভিনেত্রী রোবেনা রেজা জুঁইকে সঙ্গে নিয়ে কলকাতায় অবস্থানকালে আওয়ামী লীগ-সমর্থিত কয়েকজন ব্যক্তি তার সঙ্গে অপ্রীতিকর আচরণের চেষ্টা করেছেন।
একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিষয়টি দ্রুত সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে কয়েকটি সংবাদমাধ্যমেও এ বিষয়ে খবর প্রকাশিত হয়, যা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা।
তবে এ ঘটনার সত্যতা নাকচ করেছেন মোশাররফ করিম নিজেই। একটি গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি জানান, সামাজিকমাধ্যমে যেভাবে ঘটনাটি প্রচার করা হয়েছে, বাস্তবে তেমন কিছুই ঘটেনি।
মোশাররফ করিম বলেন, ফেসবুকে নানা কথাই রঙ চড়িয়ে ছড়ানো হয়। কিন্তু একটি সংবাদ লেখার মতো যতটুকু উপাদান প্রয়োজন, এই ঘটনায় ততটুকুও নেই। বলতে গেলে তেমন কিছুই ঘটেনি।
এ সময় তিনি সবাইকে গুজব বা যাচাইবিহীন তথ্যের ওপর বিশ্বাস না করার আহ্বান জানান।
জানা গেছে, কোনো শুটিং বা পেশাগত কাজে নয়, ব্যক্তিগত অবকাশ যাপনের উদ্দেশে বর্তমানে কলকাতায় অবস্থান করছেন মোশাররফ করিম ও তার স্ত্রী রোবেনা রেজা জুঁই। আগামী তিন থেকে চার দিনের মধ্যে তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন