অর্গানাইজেশন ফর দি প্রহিবিশন অব কেমিক্যাল ওয়েপন্স (ওপিসিডব্লিউ) এর দুই সদস্যের একটি পরিদর্শক দল গত ৩ থেকে ৭ জুন চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড ও বার্জার পেইন্টস লিমিটেড এবং ৯ থেকে ১০ জুন জামালপুরের যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড পরিদর্শন করেছেন।
বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি) পরিদর্শনটি সফলভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সমন্বয় সাধন এবং সর্বাত্মক সহযোগিতা প্রদান করে।
পরিদর্শন শেষে ওপিসিডব্লিউ এর নির্বাচিত পরিদর্শক দল রাসায়নিক অস্ত্র কনভেনশন বাস্তবায়নে বিএনএসিডব্লিউসি তথা বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপের বিষয়ে সন্তুষ্টি জ্ঞাপন করেন। পরিদর্শন শেষে গত ১৩ জুন সফরকারী দলটি ঢাকা ত্যাগ করেন।
উল্লেখ্য, ওপিসিডব্লিউ একটি আন্তর্জাতিক সংস্থা, যা সারা বিশ্বে রাসায়নিক অস্ত্র কনভেনশন (সিডব্লিউসি) বাস্তবায়ন করে থাকে। সিডব্লিউসি এর আর্টিকেল ৬ এবং ভেরিফিকেশন এনেক্স ৯ অনুসারে স্বাক্ষরকারী দেশসমূহে ওপিসিডব্লিউ এর নির্বাচিত পরিদর্শক দল স্বল্প দিনের নোটিশে তালিকাভুক্ত রাসায়নিক শিল্প কারখানায় তপশিলভুক্ত রাসায়নিক দ্রব্যের ব্যবহার, উৎপাদন এবং স্বতন্ত্র জৈব রাসায়নিক দ্রব্য (ডিওসি) উৎপাদন সংক্রান্ত তথ্য উপাত্ত সরজমিনে পরিদর্শন করে থাকে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন