খ্রিষ্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) উদযাপিত হচ্ছে। সারা বিশ্বের খ্রিষ্ট ধর্মাবলম্বীরা এই দিনটি যিশুখ্রিষ্টের জন্মদিন হিসেবে ‘ক্রিসমাস ডে’ উদযাপন করেন। বাংলাদেশেও বড়দিনের উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে।
শোবিজের তারকারাও উৎসবে মেতে উঠেছেন। তারই একজন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বড়দিনের আবহে তিনি নিজেকে নতুনভাবে উপস্থাপন করে ভক্তদের মধ্যে মুগ্ধতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়েছেন।
অভিনেত্রী সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন, যেখানে তাকে দেখা যায় পূর্ণ উৎসবমুখর সাজে। লাল রঙের সোয়েটার ও সবুজ ক্রিসমাস হ্যাট পরিহিত মেহজাবীন আলোকসজ্জায় মোড়ানো ক্রিসমাস ট্রির পাশে দাঁড়িয়ে নানা ভঙ্গিতে পোজ দিয়েছেন। তার মিষ্টি হাসি ও প্রাণবন্ত উপস্থিতি ভক্তদের মন ছুঁয়ে গেছে।
ছবির ক্যাপশনে মেহজাবীন লিখেছেন, বড়দিন উদযাপনকারী সব বন্ধুদের প্রতি ভালোবাসা ও শুভকামনা পাঠাচ্ছি। অভিনেত্রীর এই আন্তরিক শুভেচ্ছা ভক্তদের মধ্যে ধর্মীয় সম্প্রীতির সুন্দর উদাহরণ হিসেবে প্রশংসিত হচ্ছে। পোস্ট দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই সেখানে হাজার হাজার প্রতিক্রিয়া এসেছে।
বড়দিনের এই উৎসবমুখর মুহূর্তে শোবিজ তারকারা যেমন আনন্দ ভাগাভাগি করছেন, তেমনি দেশের মানুষও পরিবার ও বন্ধুদের সঙ্গে উৎসব উদযাপনের আনন্দ উপভোগ করছেন।


