ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গণতন্ত্রের উৎসবে টলিউড, বৃষ্টি উপেক্ষা করে ভোটকেন্দ্রে তারার মেলা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ১১:০৯ এএম
গণতন্ত্রের উৎসবে টলিউড। ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফার ভোটগ্রহণে আজ রাজ্যজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। সাতসকাল থেকে সাধারণ মানুষের পাশাপাশি টালিউডের জনপ্রিয় তারকাদের উপস্থিতি ভোটকেন্দ্রগুলোতে বাড়তি মাত্রা যোগ করেছে। বৃষ্টিস্নাত সকালেও নাগরিক দায়িত্ব পালনে পিছপা হননি পর্দার পরিচিত মুখেরা।

সকালে ভোট দিতে কেন্দ্রে হাজির হন অভিনেতা ইন্দ্রজিৎ বসু। সাদা টি-শার্ট ও ধূসর জিন্সে তার সাদামাটা লুক নজর কেড়েছে ভক্তদের। অভিনেতা জিৎ তার স্ত্রী মোহনাকে সঙ্গে নিয়ে ভোট দিতে যান। চোখে সানগ্লাস ও মাথায় টুপি পরে জিতের উপস্থিতি ছিল বেশ স্টাইলিশ। অন্যদিকে, মোহনা পরেছিলেন মেরুন রঙের কো-অর্ড সেট।

ভোটের দিনেও ফ্যাশনে চমক দিয়েছেন তারকা জুটি যশ দাশগুপ্ত ও নুসরাত জাহান। দুজনেই নীল জিন্স ও সাদা টি-শার্টে ‘টুইনিং’ করে ভোট দিতে আসেন। এছাড়া অভিনেতা অঙ্কুশ হাজরা বাবা-মায়ের সঙ্গে এবং অভিনেত্রী ঐন্দ্রিলা সেন তার মায়ের সঙ্গে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করেন।

চলতি বছরেই সক্রিয় রাজনীতিতে নাম লেখানো অভিনেত্রী কোয়েল মল্লিক তার বাবা বরণ্য অভিনেতা রঞ্জিত মল্লিক ও মা দীপা মল্লিককে সঙ্গে নিয়ে ভোট দিতে আসেন। এছাড়া খেলার মাঠ ও গানের জগত থেকেও উপস্থিত ছিলেন তারকারা। ভারতীয় ক্রিকেটের আইকন সৌরভ গাঙ্গুলি স্ত্রী ডোনা গাঙ্গুলিকে নিয়ে ভোট দেওয়ার পর হাসিমুখে কালির দাগ লাগানো আঙুল উঁচিয়ে ক্যামেরাবন্দি হন।

গণতন্ত্রের এই উৎসবে আরও শামিল হয়েছিলেন: রচনা বন্দ্যোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও আবির চট্টোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী, রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি, সোহিনী সরকার, শ্রীলেখা মিত্র ও কনীনিকা বন্দ্যোপাধ্যায়, সংগীতশিল্পী ইমন চক্রবর্তী এবং বর্ষীয়ান অভিনেতা শঙ্কর চক্রবর্তী ও রূপা গাঙ্গুলি।

ভোটের আমেজের মাঝে কিছু কেন্দ্রে ইভিএম সমস্যার খবর পাওয়া গেছে। ইভিএমে যান্ত্রিক ত্রুটির কারণে ভোট দিতে গিয়ে কিছুটা বিব্রত হতে দেখা যায় অভিনেত্রী রূপা গাঙ্গুলিকে। একই সমস্যার কারণে প্রথমে ভোট না দিয়েই ফিরতে হয়েছিল অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তীকে, যদিও পরে তিনি সফলভাবে তার ভোটাধিকার প্রয়োগ করেন।

সব মিলিয়ে পশ্চিমবঙ্গের এই চূড়ান্ত দফার নির্বাচনে তারকাদের সরব উপস্থিতি সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে। বিনোদন জগতের এই উজ্জ্বল মুখেরা সামাজিক দায়বদ্ধতা থেকে বারবার দেশ ও দশের কল্যাণে ভোটদানের গুরুত্ব প্রচার করেছেন।