জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় হুমায়ুন কবির পাটোয়ারী নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে জামিন দিয়েছেন ট্রাইব্যুনাল।
রোববার (১১ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, আসামি হুমায়ুন কবির পাটোয়ারি দীর্ঘদিন ধরে প্রাণঘাতী লিভার সিরোসিস রোগে আক্রান্ত। এর আগে তার একই পরিবারের আরও দুই ভাই এই রোগে মারা গেছেন। শারীরিক গুরুতর অসুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে মানবিক কারণে আদালত তার জামিন মঞ্জুর করেন।আদালত জামিন দেওয়ার সময় চারটি সুনির্দিষ্ট শর্তারোপ করেছেন।
শর্তগুলো হল:
১. জামিনের পর আসামি যেখানে থাকবেন সেই স্থায়ী বা অস্থায়ী ঠিকানা ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তাকে (আইও) জানাতে হবে।
২. আসামি কোনো ধরনের গণমাধ্যম (টিভি, পত্রিকা) বা সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক, ইউটিউব) কোনো বক্তব্য দিতে পারবেন না।
৩. বসবাসের ঠিকানা পরিবর্তন করলে অবশ্যই তদন্ত কর্মকর্তা এবং ট্রাইব্যুনালের রেজিস্ট্রারকে অবহিত করতে হবে।
৪. মামলার কোনো সাক্ষী বা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা কিংবা কোনো প্রকার হুমকি দেওয়া যাবে না।
ট্রাইব্যুনাল আদেশে স্পষ্ট করে বলেছেন, যদি ওপরের যেকোনো একটি শর্ত ভঙ্গ করা হয় তবে তদন্ত কর্মকর্তা তাকে পরোয়ানা ছাড়াই তাৎক্ষণিক গ্রেপ্তার করতে পারবেন। সে ক্ষেত্রে ভবিষ্যতে তাকে আর কখনোই জামিন দেওয়া হবে না। জুলাই বিপ্লবের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পর এটিই কোনো আসামির প্রথম কারামুক্তি বা জামিনের ঘটনা।


