ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জেআইসিতে গুম-নির্যাতন মামলায় আযমীর অবশিষ্ট জেরা আজ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ১১:২৬ এএম
অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী। ছবি : সংগৃহীত

জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) গুম-নির্যাতনের ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষী হিসেবে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমীর অবশিষ্ট জেরা আজ।

মঙ্গলবার (২১ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই কার্যক্রম সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

এদিন তিন আসামির পক্ষে নিজের জেরা শেষ করতে পারেন আইনজীবী আজিজুর রহমান দুলু। এরপর অন্য আসামিদের পক্ষে জেরা শুরু হবে। 

এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১৩ জনকে আসামি করা হয়েছে। বর্তমানে ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেনসহ তিন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা ঢাকা সেনানিবাসের সাব-জেলে বন্দি রয়েছেন। অন্যদিকে, সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক এবং ডিজিএফআইয়ের সাবেক ৫ মহাপরিচালকসহ ১০ জন আসামি এখনো পলাতক রয়েছেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, আবদুল্লাহিল আমান আযমী এই মামলায় তিন নম্বর সাক্ষী হিসেবে গত ২ ফেব্রুয়ারি টানা দুই দিন জবানবন্দি দিয়েছিলেন। সেখানে তিনি তার দীর্ঘ ৮ বছরের গুম জীবনের অবর্ণনীয় কষ্টের কথা তুলে ধরেন। গত বছরের ১৮ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে এই ঐতিহাসিক বিচার প্রক্রিয়া শুরু হয়। আজ আদালতে প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিমসহ অন্যান্যরা উপস্থিত থাকবেন।