ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

রাজধানীতে বিদ্যুৎস্পর্শে  যুবকের মৃত্যু

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ০৬:৩০ পিএম
প্রতীকী ছবি।

রাজধানীর কদমতলি থানার তুষারধারা এলাকায় সাদ্দাম মার্কেটের একটি নির্মাণাধীন ভবনে তৃতীয় তলার নিচ তলায় বিদ্যুৎস্পর্শ হয়ে মো. ফাহিম হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ফাহিম পেশায় পিকআপ ভ্যান চালক ছিলেন। 

সোমবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার  দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই মো. মাহিম হোসেন জানান, ‘আমার ভাই পেশায় একজন পিকআপ ভ্যান চালক।বিকেলে দিকে সাদ্দাম মার্কেটে পাশে তুষার ধারা এলাকায় নির্মাণাধীন ভবনের নিচতলায় ঢালাই কাজ শেষে জেনারেটরের সুইচ বন্ধ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়েন। পরে আমরা দ্রুত আমার ভাইকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি আরও জানান, ‘আমাদের গ্রামের বাড়ি,  পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার শ্রীপুর গ্রামের আব্দুল হামিদ হাওলাদারের সন্তান। বর্তমানে সাদ্দাম মার্কেটের পাশে জিরো পয়েন্ট এলাকায় ভাড়া থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।