আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে ঢাকায় মার্কিন দূতাবাস। বিশেষ করে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকতে, বিক্ষোভ-সমাবেশ এড়িয়ে চলতে এবং যেকোনো বড় জনসমাগমের আশপাশে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে দূতাবাসের ওয়েবসাইটের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ও ফেসবুকে এ সতর্কতা জারি করা হয়েছে।
দূতাবাস জানায়, নির্বাচনি সময় রাজনৈতিক সহিংসতা বা উগ্রপন্থি হামলার আশঙ্কা থাকতে পারে। এ ধরনের ঘটনা নির্বাচনি সমাবেশ, ভোটকেন্দ্র বা ধর্মীয় স্থানের আশপাশেও ঘটতে পারে। তাই নাগরিকদের বিক্ষোভ ও জনসমাগম এড়িয়ে চলা, আশপাশের পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকা, স্থানীয় সংবাদমাধ্যম মনিটর করা এবং জরুরি যোগাযোগের জন্য চার্জ করা ফোন সঙ্গে রাখা পরামর্শ দেওয়া হয়েছে।
নির্বাচনের কারণে যানবাহন চলাচলে কিছু নিষেধাজ্ঞাও জারি হয়েছে। মোটরসাইকেল চলাচল ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত বন্ধ থাকবে। ট্যাক্সি, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলে ১১ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত নিষেধাজ্ঞা থাকবে।
দূতাবাস জানিয়েছে, এ সময়ে তারা সীমিত পরিসরে সশরীর সেবা প্রদান করবে।
উল্লেখ্য, এর আগে গত ১৫ ডিসেম্বরও যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য একই ধরনের সতর্কতা জারি করা হয়েছিল।


