ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জাতীয় সংসদ নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০১:০৯ পিএম
সংবাদ সম্মেলনে কথা বলেন বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের ভোটকেন্দ্রগুলোতে মারণাস্ত্র (লেথাল ওয়েপন) ব্যবহার করবে না। তথ্যটি জানিয়েছেন বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান।

শনিবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সের অস্থায়ী বেস ক্যাম্পে তিনি সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

কর্নেল আবুল এহসান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে নিরাপদ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার জন্য বিজিবি দেশের বিভিন্ন স্থানে বিস্তৃত প্রস্তুতি নিয়েছে। ভোটাররা যাতে স্বাচ্ছন্দ্যে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করা আমাদের লক্ষ্য।

তিনি জানান, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষিত রাখার পাশাপাশি সারাদেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে। ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টিতে বিজিবি নির্বাচনি দায়িত্ব পালন করবে। সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে। ঝুঁকি বিবেচনায় ৩০০টি সংসদীয় আসনেও মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে বিজিবি দায়িত্বে থাকবে। প্রতিটি উপজেলায় ২ থেকে ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে।

নির্বাচনকালীন জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য বিজিবির র‍্যাপিড অ্যাকশন টিম (আরএটি) ও হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) প্রস্তুত থাকবে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড ইউনিটও মোতায়েন থাকবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কর্নেল আবুল এহসান বলেন, নির্বাচনে এখন পর্যন্ত কোনো ধরনের শঙ্কা দেখি না। বিজিবি মহাপরিচালকের নির্দেশ অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা কোনো লেথাল ওয়েপন ব্যবহার করব না।

তিনি আরও জানান, ভোটকেন্দ্রে কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘটলে রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাবে। এ ছাড়া নির্বাচন কমিশনের সুরক্ষা অ্যাপ ব্যবহার করেও পরিস্থিতি রিপোর্ট করা সম্ভব।