ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শবেবরাত উপলক্ষে প্রধান উপদেষ্টার বাণী

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৯:১৬ পিএম
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি- সংগৃহীত

পবিত্র শবেবরাত উপলক্ষে বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এ সময় বাংলাদেশসহ বিশ্বের মুসলিম জনগোষ্ঠীকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে বরাত।

সোমবার (২ ফেব্রুয়ারি) বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, ‘পবিত্র শবেবরাত আমাদের জীবনে রহমত, মাগফেরাত ও আত্মিক পরিশুদ্ধির এক অনন্য সুযোগ। হাদিসে বর্ণিত আছে, এ রাতে আল্লাহ তাঁর বান্দাদের বিশেষভাবে ক্ষমা করেন। তাই এ রাতকে সৌভাগ্যময় রজনি হিসেবে বিশ্বাস করা হয় ‘

তিনি বলেন, ‘মহিমান্বিত এ রাতে আমরা ইবাদত-বন্দেগি, দান-সদকার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য ও ক্ষমা লাভ করতে পারি। আত্মসমালোচনা ও তওবার মাধ্যমে জীবনকে সঠিক পথে পরিচালিত করা এবং গুনাহ থেকে পরিশুদ্ধ হওয়ার প্রচেষ্টার মাধ্যমে আমরা অর্জন করতে পারি আল্লাহ তায়ালার অসীম অনুগ্রহ, বরকত ও মাগফেরাত।’

প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, ‘আসুন, পবিত্র শবেবরাতকে আল্লাহর রহমত লাভের এক অসাধারণ সুযোগ হিসেবে গ্রহণ করে আমরা দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করি এবং মানবকল্যাণে আত্মনিয়োগ করি। সব অন্যায়, অবিচার, অনাচার ও কুসংস্কার পরিহার করে শান্তির ধর্ম ইসলামের অনুপম সৌন্দর্যে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনকে আলোকিত করি।’

তিনি বলেন, সর্বশক্তিমান আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা ও হেফাজত করুন। আমিন।