ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালট আজ (৫ ফেব্রুয়ারি) দেশে না পৌঁছালে তা বাতিল হওয়ার ঝুঁকিতে রয়েছে। যদি এমনটি ঘটে তাহলে প্রবাসীদের ভোট গণনার বাইরে থাকতে পারে বলে জানিয়েছে ইসি। যদিও এরই মধ্যে প্রায় তিন লাখ প্রবাসীর ভোট দেশে পৌঁছেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) ইসির পোস্টাল ভোট বিডি অ্যাপে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এমন আশঙ্কা থাকায় আগেও ইসির পক্ষ থেকে দ্রুত পোস্টাল ব্যালট পৌঁছানোর আহ্বান জানানো হয়। ইসি জানায়, ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট না পৌঁছালে তা গণনার আওতায় পড়বে না।
অ্যাপের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সব ভোটারকে অবহিত করা যাচ্ছে যে, ভোটাধিকার প্রয়োগের পর ব্যালট পেপার এবং গণভোট ব্যালট সাদা রঙের ব্যালট খামে রাখুন। ঘোষণাপত্রটি স্বাক্ষর করে সাদা রঙের ব্যালট খামসহ হলুদ খামের ভেতর ঢুকিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আপনার নিকটবর্তী ডাকঘর বা ডাকবাক্সে জমা দিন।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্যালট যদি ৫ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে না পৌঁছায়, তাহলে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাতে বিলম্ব হতে পারে। আর ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট না পৌঁছালে তা গণনায় অন্তর্ভুক্ত হবে না। তাই প্রবাসী ভোটারদের যতদ্রুত সম্ভব ব্যালট পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন দেশে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। প্রবাসীরা গ্রহণ করেছেন ৫ লাখ ২৪ হাজার ৮০টি পোস্টাল ব্যালট। এর মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৪ লাখ ৬৭ হাজার ৭০৭ জন প্রবাসী এবং দেশে ফেরত পাঠাতে পোস্ট অফিসে পোস্টাল ব্যালট জমা দিয়েছেন ৪ লাখ ২৩ হাজার ৭১২ জন প্রবাসী। আর বাংলাদেশে এসেছে ২ লাখ ৯৭ হাজার ৩৫০টি পোস্টাল ব্যালট। রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে ৬ হাজার ৪২টি পোস্টাল ভোট।
ইসি আরও জানায়, দেশের অভ্যন্তরে অবস্থিত ভোটারদের কাছে পাঠানো হয়েছে ৬ লাখ ৪৬ হাজার ৫০৭টি ব্যালট। এর মধ্যে গ্রহণ করেছেন ১ লাখ ২৫ হাজার ৬৬৮ জন ভোটার। ভোট দিয়েছেন ৯৬ হাজার ৬৩২ জন আর পোস্ট অফিসে জমা দিয়েছেন ৭০ হাজার ৮১০ জন। রিটার্নিং কর্মকর্তা এর মধ্যে ব্যালট গ্রহণ করেছেন ৩ হাজার ৬৫৫টি। তাদের মধ্যে অনেকের ব্যালটই এরই মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছে গেছে বলে ইসি সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচার চালতে পারবেন প্রার্থীরা। এবারই প্রথমবারের মতো প্রবাসী ভোটার ও দেশের অভ্যন্তরে তিন শ্রেণির ভোটারদের জন্য পোস্টাল ভোটের সুযোগ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন