ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শিক্ষকদের উদ্দেশে মন্ত্রীর কড়া হুঁশিয়ারি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৫:৩৮ পিএম
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি : সংগৃহীত

অনুমতি ছাড়া কোনো শিক্ষক যদি অন্য পেশায় যুক্ত থাকেন এবং তা তদন্তের মাধ্যমে প্রমাণিত হলে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) চাঁদপুরের কচুয়া উপজেলায় নিজের নির্বাচনি এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষকদের পুরো সময় ও মনোযোগ শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রমে দেওয়া প্রয়োজন। সরকারি বিধিমালা লঙ্ঘন করে কেউ অন্য পেশায় যুক্ত থাকলে তা শিক্ষার মান ও প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

তিনি বলেন, বলেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্বে অবহেলা, অনিয়ম বা দুর্নীতির অভিযোগ থাকলে গণমাধ্যম তা প্রকাশ করতে পারে। অভিযোগের সত্যতা যাচাই-বাছাই করে প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

এহছানুল হক মিলন বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নয় এবং শিক্ষার পরিবেশ সুরক্ষিত রাখতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।