ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘সংবিধান অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিই ভাষণ দেবেন’

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০২:৫৩ পিএম
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

সংবিধান অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিই ভাষণ দেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

সোমবার (২ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জুলাই সনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ডেপুটি স্পিকারের নাম ঠিক করতে বিরোধী দলকে মৌখিকভাবে বলা হয়েছে। সংবিধানে সংশোধনী এনে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা যেতে পারে। তবে তার আগে সংবিধানে নেই, এমন কোনো কিছু বাস্তবায়ন করা সম্ভব নয়। সংবিধানে নেই, এমন কিছু আমরা সংসদে উত্থাপন করতে পারি না।’

এর আগে ‘জুলাই অভ্যুত্থানের স্পিরিট সমুন্নত রাখতে’ সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেওয়া থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে চিঠি দেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।

ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির স্বাক্ষরিত ওই চিঠিতে একজন সংসদ সদস্যকে স্পিকার হিসেবে নির্বাচন করে তার মাধ্যমে সংসদ অধিবেশন আহ্বান ও ভাষণ দেওয়ার অনুরোধ জানানো হয়। বিকল্পভাবে প্রধানমন্ত্রীর সুবিধামতো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানানো হয় ওই চিঠিতে।