ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানে লুট হওয়া অস্ত্র উদ্ধারে হাইকোর্টের রুল

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ০৯:৫০ পিএম
ছবি- সংগৃহীত

জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন থানা ও আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনা থেকে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ দ্রুত উদ্ধারের বিষয়ে সরকারের কাছে ব্যাখ্যা চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৫ মার্চ) জনস্বার্থে দায়ের করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান রিট আবেদনটি দায়ের করেন। এতে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশনের সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং র‍্যাবের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে উল্লেখ করা হয়, বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ৫ হাজার ৭৫০টি আগ্নেয়াস্ত্র এবং ৬ লাখ ৫১ হাজার ৬০৯ রাউন্ড গোলাবারুদ লুট হয়ে যায়। এসব অস্ত্র উদ্ধারে সরকার পুরস্কার ঘোষণার মতো উদ্যোগ নিলেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি।

আবেদনে আরও বলা হয়, বিপুল সংখ্যক এসব অবৈধ অস্ত্র এখনো দুষ্কৃতকারীদের হাতে থাকার আশঙ্কা রয়েছে, যা জননিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে। এসব অস্ত্র অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হওয়ার সম্ভাবনাও বাড়ছে।

এ অবস্থায় সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকদের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করার রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্বের বিষয়টি তুলে ধরে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে আদালতের দ্বারস্থ হন রিটকারী। আবেদনের প্রেক্ষিতেই হাইকোর্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি রুল জারি করেন।