দেশের পাঁচ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে জানানো হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের পাঁচ কর্মকর্তাকে বদলি করে বিভিন্ন জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।
নতুন নিয়োগ অনুযায়ী, গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নূরুল করিম ভূঁইয়া। তিনি আগে স্থানীয় সরকার বিভাগে উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন আবু ছালেহ মো. মুসা জঙ্গী। তিনি এর আগে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক (উপসচিব) পদে দায়িত্ব পালন করছিলেন।
অন্যদিকে, শুকরিয়া পারভীনকে পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি আগে বাণিজ্য মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।
এছাড়া মো. তৌহিদ বিন-হাসানকে কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং খন্দকার মুশফিকুর রহমানকে নেত্রকোণা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন পদায়নের মাধ্যমে সংশ্লিষ্ট জেলাগুলোতে প্রশাসনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবেন তারা।


