ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন রাষ্ট্রপতি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২০, ২০২৬, ০৮:২০ পিএম
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি- সংগৃহীত

দেশ-বিদেশে অবস্থানরত সব বাংলাদেশি এবং বিশ্বের মুসলিমদের পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২০ মার্চ) প্রদত্ত ঈদ বার্তায় তিনি সকলের জন্য আনন্দ ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, ‘বিশ্বব্যাপী চলমান জ্বালানি ও অর্থনৈতিক সংকটের প্রভাব বাংলাদেশের উপরও পড়েছে। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এর মধ্যে সমাজের বিত্তবান ও সচ্ছল শ্রেণিকে দরিদ্র এবং পশ্চাৎপদ জনগোষ্ঠীর পাশে আরও দৃঢ়ভাবে দাঁড়ানোর আহ্বান জানাই।’

তিনি বলেন, ‘ঈদ-উল-ফিতর মুসলিম উম্মাহর প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়ামের পর এই উৎসব আমাদের মাঝে খুশি ও আনন্দের বার্তা নিয়ে আসে। সিয়ামের মাধ্যমে মুমিনরা অন্যায়, অবিচার ও পাপাচার থেকে মুক্ত হয়ে উত্তম চরিত্র অর্জন করে এবং পারলৌকিক মুক্তির প্রয়াস পায়। ঈদের দিনে ধনী-গরিব নির্বিশেষে সবাই একত্রে আনন্দ ভাগাভাগি করে।’

রাষ্ট্রপতি দেশের বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে বলেন, ‘নতুন বাংলাদেশ বিনির্মাণের অভিযাত্রায় পবিত্র ঈদ-উল-ফিতরের শিক্ষা সকলকে নতুন উদ্যম ও অনুপ্রেরণা দেবে। শান্তি, সম্প্রীতি, সাম্য ও সৌহার্দ্যময় রাষ্ট্র গঠনে ঈদের তাৎপর্য অপরিসীম। আমাদের পূর্বপুরুষদের অনেক ত্যাগ ও আত্মত্যাগের মাধ্যমে একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। আমরা এখন সেই ধারাবাহিকতায় এগিয়ে চলেছি, যেখানে ন্যায়, সমৃদ্ধি ও স্বনির্ভরতা প্রতিষ্ঠা করা হবে।’

বিশ্বের সকল মানুষের কল্যাণ কামনা করে রাষ্ট্রপতি বলেন, ‘ঈদের আনন্দ যেন সবার জীবন ভরে তোলে। সৌহার্দ্য, সমতা ও ভ্রাতৃত্বের বার্তা যেন প্রতিটি ঘরে পৌঁছায়। প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ, মুসলিম উম্মাহ এবং বিশ্বের সকল মানুষের সুখ, শান্তি, কল্যাণ ও উন্নতির জন্য আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি। মহান আল্লাহ আমাদের সহায় হোন। আমিন।’