ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পদ্মায় বাস দুর্ঘটনায় রুশ দূতাবাসের শোক

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০১:১৯ এএম

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে বাস পড়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ঢাকাস্থ রাশিয়ার দূতাবাস।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ শোক প্রকাশ করা হয়। 

পোস্টে বলা হয়, গত ২৫ মার্চ ৫০ জনের বেশি যাত্রীবাহী একটি বাস পদ্মা নদীতে পড়ে যে মর্মান্তিক ক্ষয়ক্ষতি হয়েছে, তাতে ঢাকাস্থ রুশ দূতাবাস গভীরভাবে মর্মাহত। শোকবার্তায় হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনাও জানানো হয়েছে।

প্রসঙ্গত, বুধবার অর্ধশতাধিক যাত্রী নিয়ে ফেরিতে ওঠার অপেক্ষায় থাকা ‘সৌহার্য্য’ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পল্টুন টপকে নদীতে পড়ে যায় এবং ডুবে যায়।

এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে আটজন পুরুষ, ১১ জন নারী ও সাতজন শিশু রয়েছে। তাঁদের মধ্যে ১৮ জনই রাজবাড়ী জেলার বাসিন্দা। বাকিরা কুষ্টিয়া, ঝিনাইদহ, দিনাজপুর, গোপালগঞ্জ ও ঢাকা জেলার বাসিন্দা।

এ ঘটনায় এখনো ছয়জন নিখোঁজ রয়েছেন।