ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জ্বালানিতে অনিয়ম ঠেকাতে সারাদেশে ২৯৩ ভ্রাম্যমাণ আদালত

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ০৭:৫৩ এএম
ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং অনিয়ম প্রতিরোধে দেশের ৬২টি জেলায় ২৯৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৭৮টি মামলা দায়ের করা হয়েছে এবং মোট ৩ লাখ ১৫ হাজার ৫৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এবং কোনো ধরনের অনিয়ম প্রতিরোধে এ অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, জ্বালানি বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ঢাকার বিভিন্ন এলাকায় প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। আগামীকাল (শনিবার) ঢাকা ও আশপাশের এলাকাতেও এ অভিযান অব্যাহত থাকবে।

কোথাও অনিয়ম দেখা গেলে বা সন্দেহ হলে ভিজিল্যান্স টিমের নির্ধারিত নম্বরে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।