জনগণ ভিন্ন বাংলাদেশ চায়, সেটা তারা রক্ত দিয়ে প্রমাণ করেছে। এখন আপনারা (বিএনপি) গদিতে আছেন, সেটাও কিন্তু জনগণের রায়— এমন মন্তব্য করেছেন আলোকচিত্রী, সাংবাদিক ও সমাজকর্মী ড. শহিদুল আলম।
রোববার (২৯ মার্চ) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে এক মানববন্ধনে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
ড. শহিদুল আলম বলেন, ‘বেশি জানা দরকার, কেন আপনারা আজকে গদিতে আছেন? কেন স্বৈরাচার চলে গেছে? কেন জনগণ সত্যিকার অর্থে ভিন্ন বাংলাদেশ দেখার সুযোগ পাচ্ছে? সেটা মনে রাখতে হবে।’ সংবিধানের সীমাবদ্ধতা উল্লেখ করে তিনি বলেন, সংবিধানে অনেক কিছু আছে, কিন্তু গণঅভ্যুত্থান, বিপ্লব বা প্রধানমন্ত্রীর পালিয়ে যাওয়ার কথা লেখা নেই। অথচ জনগণ সেগুলোকে আলিঙ্গন করেছে।
তিনি বলেন, ‘জনগণ সবকিছুর ঊর্ধ্বে। যদি সত্যিকার অর্থেই বিশ্বাস করেন জনগণ সংবিধানের ওপরে, তাহলে জনগণের রায়কে উপেক্ষা করার কোনো সুযোগ নেই।’
ড. শহিদুল আলম বলেন, ‘স্বৈরাচার এতদিন টিকে ছিল কারণ তারা জনগণের রায়কে উপেক্ষা করেছিল। এখন ই-কার না আ-কার, উ-কার না ঊ-কার সেটা নিয়ে তর্ক করার সময় নয়। এখন জনগণের সঙ্গে আপনারা আছেন, এটা প্রমাণ করার সময়।’


