অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ রাতেই হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ বিষয়ে পর্যালোচনার জন্য গঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটি রোববার (২৯ মার্চ) তৃতীয় দফায় বৈঠকে বসছে।
সংসদ ভবনে রাত সাড়ে ৮টায় বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গতকাল শনিবার (২৮ মার্চ) সরকারি দলের সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আজকের বৈঠকেই অধ্যাদেশগুলো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। পরে সেই সিদ্ধান্তের ভিত্তিতে একটি প্রতিবেদন তৈরি করে ২ এপ্রিল সংসদে উপস্থাপন করা হবে। এরপর নিয়ম অনুযায়ী আইন প্রণয়নের প্রক্রিয়া শুরু হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই এই বিশেষ কমিটি গঠন করা হয়। ওই দিন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সংসদে ১৩৩টি অধ্যাদেশ উত্থাপন করেন। পরে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদিনের নেতৃত্বে ১৩ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব দেন, যা কণ্ঠভোটে পাস হয়।
পর্যালোচনার তালিকায় থাকা অধ্যাদেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ ব্যাংক সংশোধন, গণভোট, সাইবার নিরাপত্তা, পুলিশ কমিশন গঠন এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন সংক্রান্ত বিষয়।
এর আগে ২৪ ও ২৫ মার্চ কমিটির দুটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজকের বৈঠককে পুরো প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন