আগামী শুক্রবারও সংসদের অধিবেশন চলবে। এ দিনও আমরা দুটি সেশনেই কাজ করব। এটি সংসদের ইতিহাসে বিরল কি না জানি না, তবে আমাদের কাজ করতে হবে বলে জানিয়েছেন সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।
বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
চিফ হুইপ বলেন, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নের ক্ষেত্রে যারা রাজনীতিতে দীর্ঘদিনের পরীক্ষিত এবং সংসদে কার্যকর ভূমিকা রাখতে পারবেন, তাদেরই খুঁজে বের করা হবে।আমরা বিশ্বাস করি, নারীরা নেতৃত্বে আসুক। যত দ্রুত তারা আসবে, দেশের তত লাভ। নারীদের ক্ষমতায়নের জন্য আমরা ফ্যামিলি কার্ডসহ নানা উদ্যোগ নিয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমান সংবিধানের ক্রাইটেরিয়া অনুযায়ী যোগ্য নারীদের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করবেন। আমাদের সংসদ নেতা (প্রধানমন্ত্রী) সব দিক বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেবেন যাতে সব সেকশনের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়।
তিনি বলেন, যারা রিয়েলি রাজপথে ত্যাগী এবং সংসদে কন্ট্রিবিউট করতে পারবেন, তাদেরই আমরা খুঁজে বের করব। আমি মনে করি, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত নির্ভুল হবে।
নূরুল ইসলাম বলেন, আইন অনুযায়ী বাংলাদেশের সকল মানুষের বিচার হবে। যিনি দোষ করেছেন তার বিচার হবে, নির্দোষ ব্যক্তি হয়রানির শিকার হবেন না। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। শেখ হাসিনা বা অতীত সরকার যা করে গেছেন, তার বিচার আইন অনুযায়ীই হবে।
তিনি বলেন, ইতোমধ্যে ৪৪টি অর্ডিনেন্স পাস করা হয়েছে। তিনটি বা চারটি অর্ডিনেন্স একটি বিলের মাধ্যমে এনে আমরা পাস করছি। বাকি যা আছে, আগামী কয়েকদিনের মধ্যে ইনশাআল্লাহ আমরা ১৩৩টি অর্ডিনেন্স নিয়ে একটা ফয়সালা করতে পারব।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন