ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি আবু সাইদের দুই ভাইয়ের

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ১২:১৪ পিএম
শহীদ আবু সাঈদের দুই ভাই রমজান আলী ও আবু হোসেন। ছবি : সংগৃহীত

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেছেন তার দুই ভাই রমজান আলী ও আবু হোসেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা পৌনে ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার রায় শুনতে এসে সাংবাদিকদের কাছে এ দাবি জানান তারা।

ট্রাইব্যুনালের এজলাসে প্রবেশের সময় আবু সাঈদের মেজো ভাই আবু হোসেন বলেন, আজ মামলার রায় ঘোষণা হবে। আমরা চাই আমার ভাইয়ের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া হোক। যারা এখনো পলাতক রয়েছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে রায় কার্যকর করারও দাবি জানান তিনি।

অন্যদিকে বড় ভাই রমজান আলী বলেন, এখন পর্যন্ত বিচারপ্রক্রিয়া নিয়ে তারা সন্তুষ্ট। তবে পরিবারের প্রত্যাশা, হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এমনটাই আশা করছেন তারা।