ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

তারেক রহমানের আমন্ত্রণে বিল গেটসের বাংলাদেশ সফর

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ১১:২৫ এএম
সালেহ শিবলী। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এক সময় ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। শনিবার (২৫ এপ্রিল) রাতে রাজধানীর বনানীতে ‘সাইবার নিরাপত্তা বিল’ নিয়ে আয়োজিত এক সংলাপে তিনি এই তথ্য জানান।

সালেহ শিবলী জানান, ২০০৪ সালে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্র সফরকালে বিল গেটসের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সেই সময় তিনি তাকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান এবং সেই আমন্ত্রণে সাড়া দিয়েই বিল গেটস ঝটিকা সফরে দেশে এসেছিলেন। দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশে এই সফরটি গুরুত্বপূর্ণ ছিল বলে উল্লেখ করা হয়।

সংলাপে অনলাইনে চলমান সমালোচনা ও ভাষার ব্যবহারের তীব্র নিন্দা জানান প্রেস সচিব। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সবসময় বলেন যে, আমাদের মধ্যে রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, তবে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্রই চেয়েছি। কিন্তু গত কয়েকদিন ধরে অনলাইনে একদল মানুষ যে ধরনের ভাষা ও গালাগাল ব্যবহার করে সমালোচনা করছে, তা কোনোভাবেই সুস্থ মানুষের ভাষা হতে পারে না।’

তিনি আরও স্পষ্ট করেন, গঠনমূলক সমালোচনাকে সরকার স্বাগত জানালেও গালাগাল বা অপপ্রচারকে বাকস্বাধীনতা হিসেবে গণ্য করা যায় না।

সংলাপে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি দেশের ডিজিটাল অবকাঠামো ও সাধারণ মানুষের তথ্যপ্রযুক্তিতে প্রবেশাধিকার নিয়ে সরকারের বড় একটি পরিকল্পনার কথা তুলে ধরেন। ড. মঈন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে বিনা মূল্যে (ফ্রি) ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে চিন্তা করছেন। তথ্যপ্রযুক্তির সুফল প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হতে পারে।