ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ০৪:২২ পিএম
ছবি- সংগৃহীত

প্রবল বর্ষণে হাওরাঞ্চলের কৃষকদের ক্ষয়ক্ষতির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে সরকার। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে আগামী তিন মাস তাদের সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে এ বিষয়ে বক্তব্য দেন তিনি। এর আগে হাওর এলাকার এক সংসদ সদস্য জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে কৃষকদের দুর্দশার কথা তুলে ধরেন। সম্পূরক প্রশ্নে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ জানান, টানা ভারি বৃষ্টিতে হাওরের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যাচ্ছে। এ অবস্থায় কৃষকেরা কষ্ট করে ধান কাটার চেষ্টা করছেন।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। তিনি জানান, কয়েক দিন আগেই আবহাওয়ার পূর্বাভাসের ভিত্তিতে সংশ্লিষ্ট তিন জেলার প্রশাসনকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, অধিবেশন শুরুর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সঙ্গে আলোচনা করে তিনি নির্দেশ দিয়েছেন ক্ষতিগ্রস্ত এলাকাগুলো, বিশেষ করে ওই তিন জেলা এবং ময়মনসিংহের কিছু অংশে যেসব কৃষকের ফসল নষ্ট হয়েছে, তাদের শনাক্ত করে সরকারের পক্ষ থেকে তিন মাস সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।