ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বজ্রপাতে বাবার মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল কোলের শিশু

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ১০:২৩ পিএম
ছবি- সংগৃহীত

রাজবাড়ী সদর উপজেলায় বজ্রপাতে সুমন মণ্ডল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটির সময় তার কোলেই ছিল ছোট্ট মেয়ে, তবে আকস্মিকভাবে ছিটকে পড়ে সে প্রাণে রক্ষা পায়।

বুধবার (২৯ এপ্রিল) সকাল প্রায় পৌনে ৭টায় মিজানপুর ইউনিয়নের বাগমারা এলাকার মজ্জৎকোল গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সুমন মণ্ডল স্থানীয় সিদ্দিক মণ্ডলের ছেলে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সুমন আগে একটি এনজিওতে কর্মরত ছিলেন, তবে কিছুদিন আগে চাকরি ছেড়ে বাড়িতেই ছিলেন। ঘটনার সময় তিনি সাড়ে পাঁচ বছর বয়সী মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশের দোকানে যাচ্ছিলেন। হঠাৎ বজ্রপাত হলে সাফিয়া তার কোল থেকে ছিটকে পড়ে যায় এবং সুমন মাটিতে লুটিয়ে পড়েন।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, সাফিয়ার নাক ও কান দিয়ে সামান্য রক্তপাত হলেও বর্তমানে সে আশঙ্কামুক্ত রয়েছে।

মিজানপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান ঘটনাটি নিশ্চিত করেছেন।