ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ৫, ২০২৬, ১০:১৩ এএম
যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ তিন দিনের সফরে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে আজ ঢাকায় আসছেন। মঙ্গলবার (৫ মে) শুরু হওয়া এই সফরে তিনি দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ এবং নীতিগত সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন।

সফরের প্রথম দিন সকালে সচিবালয়ে বাণিজ্য সচিবের (চলতি দায়িত্ব) পাশাপাশি রপ্তানি বিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খানের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। এই বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্যসংক্রান্ত বিভিন্ন ইস্যু গুরুত্ব পাবে।

ঢাকায় অবস্থানকালে প্রতিনিধিদলের কর্মসূচি বেশ ঘনিষ্ঠভাবে সাজানো হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠকের পর তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে মতবিনিময় করবেন। একই সঙ্গে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়েও আলোচনা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন মার্কিন প্রতিনিধিরা। সফরের দ্বিতীয় দিনে অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গে তাদের বৈঠক নির্ধারিত রয়েছে।

শেষ দিনে শ্রমিক প্রতিনিধি, ব্যবসায়ী এবং বিভিন্ন খাতের সংশ্লিষ্টদের নিয়ে একাধিক গোলটেবিল বৈঠকে অংশ নেবেন তারা, যেখানে বাস্তবভিত্তিক অভিজ্ঞতা ও মতামত বিনিময় হবে।

ঢাকায় মার্কিন মিশনের মুখপাত্র পূর্ণিমা রাই জানিয়েছেন, এই সফরের প্রধান উদ্দেশ্য হলো দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও সুদৃঢ় করা। যুক্তরাষ্ট্র আশা করছে, আর্ট চুক্তির কার্যকর বাস্তবায়নের মাধ্যমে বাজারে প্রবেশ সহজ হবে, বিনিয়োগের বাধা কমবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হবে।

উল্লেখ্য, বাংলাদেশের রপ্তানি খাতে যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় বাজার। ২০২৪-২৫ অর্থবছরে এ বাজারে প্রায় ৮৬৯ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা দেশের মোট রপ্তানির প্রায় ১৮ শতাংশ।