ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

সেনাবাহিনীর সদস্যদের ব্যারাকে ফেরানো নিয়ে যে বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ৭, ২০২৬, ০২:০০ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত

পর্যায়ক্রমে মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত সেনাবাহিনীর সদস্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (৭ মে) সিলেটে পাথর উত্তোলন-সংক্রান্ত বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে দেশে নির্বাচিত রাজনৈতিক সরকার ক্ষমতায় রয়েছে এবং পুলিশ বাহিনীর কার্যক্রমও আগের তুলনায় আরও গতিশীল হয়েছে। এ কারণে দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে সেনাবাহিনীর দায়িত্ব পালনের প্রয়োজনীয়তা কমে এসেছে। তাই ধাপে ধাপে সেনাসদস্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

তবে কী প্রক্রিয়ায় এবং কোন ধাপে সেনাসদস্যদের ফিরিয়ে নেওয়া হবে, তা আলোচনাসাপেক্ষে চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি।

পাথর উত্তোলন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, সিলেট ও সুনামগঞ্জসহ সংশ্লিষ্ট অঞ্চলে পাথর উত্তোলন ও সংরক্ষণ বিষয়ে বিভাগীয় কমিশনারকে প্রধান করে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

তিনি জানান, কোন এলাকা থেকে, কত গভীর থেকে এবং কী পরিমাণ পাথর উত্তোলন করা যাবে সেই সঙ্গে পরিবেশ রক্ষা করে কীভাবে পাথর সংরক্ষণ করা সম্ভব, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিটি।